
বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি :
বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের পশ্চিমপার এলাকায় গত শুক্রবার (২৯ মে) রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কিশোরী তাওহিদা জান্নাত (১৬)। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হলেও কিশোরীর মা সুলতানা বেগম গত ২ জুন বিয়ানীবাজার থানায় এজাহারে একই ইউনিয়নের শেখলাল গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল ইসলাম (৩০)-কে একমাত্র অভিযুক্ত করে
একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ ও বিয়ানীবাজার উপজেলায় নানান আলোচনা সমালোচনা শুরু হয় পক্ষে বিপক্ষে।
৩ জুন ভিকটিমের মা সুলতানা বেগম স্বামী ইকবাল হোসেনকে সাথে নিয়ে থানা থেকে তাদের লিখিত অভিযোগ প্রত্যাহার করেন। এ বিষয়ে ভিকটিমের পিতা ইকবাল হোসেন বলেন, থানায় ঘটনার দিন একটি মামলা (অপমৃত্যু) হয়েছে। আমার স্ত্রী এ বিষয়টি না বুঝে আরেকটি অভিযোগ থানায় দায়ের করেন। পরে আমরা দুইটি মামলার বিষয়টি অবহিত হলে এ অভিযোগটি প্রত্যাহারের আবেদন করি। থানার দায়িত্বশীলরা আমাদের আবেদন গ্রহণ করেছেন। আমরা সার্কেল (অতিরিক্ত এএসপি) কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদের আশ্বস্থ করেছেন। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করবে।
বিয়ানীবাজার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী বলেন, এ ঘটনায় থানায় আগেই একটি মামলা রুজু করা ছিল। ময়না তদন্তের প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এর মধ্যে মঙ্গলবার ভিকটিমের মা একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা গ্রহণ করি। বুধবার এ অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন ভিকটিম। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন গ্রহণ করে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।